বেড়ায় বিএনপি নেতা ময়েন উদ্দিন খাজা বহিষ্কার, স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ

বেড়ায় বিএনপি নেতা ময়েন উদ্দিন খাজা বহিষ্কার, স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার বহিষ্কার করায়। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে পাবনা জেলা বিএনপি। তবে হঠাৎ বহিষ্কারে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

‎রবিবার( ২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মতামত জানান।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

‎জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎মঈন উদ্দীন খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ব্যাপক সক্রিয় ছিলেন। এবং ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তিনি বিএনপির একজন ত্যাগী নেতা। দলের তার অনেক অবদান রয়েছে। দুঃসময়ের লোক তিনি।

‎হঠাৎ বহিষ্কারের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশের মধ্যে ক্ষোভ এ হতাশা তৈরি হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা একজন নেতার বিরুদ্ধে হঠাৎ বহিষ্কার কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন তিনি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন। দ্রুত বহিষ্কার প্রত্যাহার করা হোক। না না হলে বহিষ্কারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

‎আসলাম মল্লিক নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘খাজা ভাইকে বহিষ্কার করে জেলা বিএনপি প্রমাণ করল, তারা সাংগঠনিক কাজ ভালোভাবে পরিচালনা করতে পারে না। তারা পারে ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিতে।’

‎তিনি আরও লেখেন, ‘জেলা বিএনপির এই দুই নেতার বহিষ্কার হওয়া খুবই জরুরি। পাবনা জেলা বিএনপি থেকে হাবিবুর রহমান হাবিব এবং মাসুদ সাহেবকে সরিয়ে না দিলে পাবনা জেলা বিএনপির প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ধস নামবে।’

‎ইব্রাহিম নামের আরেকজন লেখেন, ‘৫ আগস্টের পূর্বের ত্যাগী নেতারা আজ ৫ আগস্টের পরের হাল নেতাদের কাছে বহিষ্কার হচ্ছেন, এটা খুবই দুঃখজনক।’

‎লালমিয়া নামের আরেকজন লেখেন, খাজার মতো মানুষকে দল থেকে বহিষ্কার করা ঠিক হয়নি। ওর মতো ২০-৫০ জন মানুষ দলকে টিকিয়ে রেখেছিলেন। ভুল করলে তাকে সচেতন করতে পারতেন। দলের খারাপ সময়ে বেড়া পৌরসভায় লোক খুঁজে পাওয়া যেত না।’

‎বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। তারপরও আমাকে বহিষ্কার করা হয়েছে।’ আশাবাদী শীঘ্রই দলের ভুল ভাঙ্গবে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে।

‎তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারও পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’

‎পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওখানে তো লেখাই রয়েছে কি কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।

‎গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিনদিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‎শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সকাল থেকে ঘটনাস্থল এলাকাগুলোতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

‎ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।