বিএনপি সাম্প্রদায়িকতা বিরোধী দল : পাবনায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিএনপি সাম্প্রদায়িকতা বিরোধী দল : পাবনায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

পাবনা প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন বিএনপি সাম্প্রদায়িকতা বিরোধী সরকার। বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। একারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম শুভ তালনবমী তিথি ও পর্দায় পূর্ণস্নান মহাউৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বে কয়েক হাজার ভক্তানুরাগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরনো। পতিত সরকার নোংরামি দিয়ে সেই সংস্কৃতিকে নষ্টের চেষ্টা করেছে। বার্তমান সরকার ৫১টি দেশপর সাথে কুটনৈতিক সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করেছে। পাবনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। পাবনাসহ দেশের সংস্কৃতিকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, সেটি আমাদের সরকার দেখবে। আমরা বৈচিত্রের এই দেশেও সংস্কৃতি দিয়ে ঐক্য স্থাপন করতে চাই।

শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বানী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সব ধর্মের ধর্মীয় গ্রন্থে যে সকল বাণী রয়েছে তা মানবকল্যাণের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, সেসবও মানবকল্যাণের। উনি জাত পাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না। সারাজীবন মানবতার বন্দনা করেছেন। একারণে গোটা উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গায় ঠাকুরের বন্দনায় রয়েছে ভক্তরা।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুরের যে মহৎ আদর্শ ও মহানুভবতা, সেগুলো আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির নামে যে মতপার্থক্য সেটিকে ঠাকুর অনুকূল চন্দ্র পার্থক্য করে দেখেননি। সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বিভেদ বা বিভাজন দেখতে চান না। সবার মাঝে ঐক্য দেখতে চান।

সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমূখ।

উৎসবের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে ধর্ম সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এড. মলয় কুমার দাস রায়।